প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2025 ইং
কুড়িগ্রামে শরতেই শীতের আমেজ কড়া নাড়ছে দরজায়

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ইং ০৯:০১ এএম.
গত এক সপ্তাহ ধরে কুড়িগ্রামের ভোরে সূর্যোদয়ের সঙ্গে দেখা মিলছে মিষ্টি রোদের। সবুজ ঘাস আর আমন ধানের পাতায় বিন্দু বিন্দু শিশির কণা ঝরছে, যা মনে করিয়ে দিচ্ছে—শীত আসন্ন। শরতের বিদায় হতে না হতেই হেমন্তকে পাশ কাটিয়ে যেন আগাম আগমন বার্তা দিচ্ছে শীত।
আজ ৭ কার্তিক। বাংলা পঞ্জিকা অনুযায়ী এখন শরৎকাল। দরজায় কড়া নাড়ছে হেমন্তের নবান্ন। প্রকৃতি এখন শান্ত ও নীরব। নদী-নালা, খাল-বিলের পানিও ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিনের বেলাতেও তাপমাত্রা কিছুটা কমছে। শীত আসতে আর বেশি দেরি নেই—এরই ইঙ্গিত দিচ্ছে সকালের কুয়াশা।
উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে সন্ধ্যা নামলেই শীত অনুভূত হচ্ছে। ভারতের হিমালয়ের কাছাকাছি হওয়ায় এখানকার আবহাওয়ায় আগাম শীতের আমেজ দেখা দিয়েছে। ভৌগোলিক অবস্থান ও ঋতু বৈচিত্র্যের কারণে গেল এক সপ্তাহ ধরে সন্ধ্যার পর থেকেই আকাশ থেকে যেন বৃষ্টির পানির মতো শীত ঝরছে। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত দেখা মিলছে ঘন কুয়াশারও।
দুই সপ্তাহ আগের টানা বৃষ্টির পর থেকে বইছে হিমেল হাওয়া। ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন চারা গাছ, যাদের পাতায় জমে থাকা শিশির ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা।
শীতের আগমনে প্রান্তিক চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন আগাম সবজি চাষে। প্রতিদিন কুয়াশাচ্ছন্ন সকালে কোমর বেঁধে মাঠে নেমে পড়ছেন কৃষকরা। ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো, লাল শাক ও মুলাসহ বিভিন্ন শীতকালীন সবজি চাষে ব্যস্ত তারা।
রবিবার সকালে জেলার বিভিন্ন এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত কুয়াশা দেখা গেছে। বিভিন্ন গাছের ডগা ও ধানক্ষেতেও শিশির জমে থাকতে দেখা গেছে।
রাতে এখন সব বয়সের মানুষ হালকা কাঁথা ও কম্বল ব্যবহার শুরু করেছেন। আগাম শীতের আগমন দেখে স্থানীয়রা আশঙ্কা করছেন, পূর্ণ শীত মৌসুমে তীব্রতা আরও বেড়ে যাবে।
কুরুষাফেরুষা এলাকার কৃষক কবির হোসেন ও ছাইদুল ইসলাম বলেন, “দুই–তিন সপ্তাহ আগেই আমরা বেগুন, বাঁধাকপি, ফুলকপি, লাউসহ বিভিন্ন শীতকালীন ফসল রোপণ করেছি। গেল এক সপ্তাহ ধরে আমাদের এলাকায় শীত দেখা যাচ্ছে। রাতে হালকা কাঁথা গায়ে দিতে হয়। সকালে ঘুম থেকে উঠলে দেখি চারদিকে ঘন কুয়াশা, ঠান্ডাও লাগে। তবে মাঠে কিছুক্ষণ কাজ করলে ঠান্ডা কেটে যায়।”
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, “গত এক সপ্তাহ ধরে দিনের তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। এছাড়াও এই সপ্তাহে টানা তিন-চার দিন ধরে কুয়াশা পড়ছে। এখনই কুয়াশা কমার কোনো লক্ষণ নেই, বরং দিন দিন তা আরও বাড়বে।”
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY